আশা ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় অনুষদের উদ্যোগে দুইদিনব্যাপী বৈশাখী কার্নিভাল শুরু
বাংলা নববর্ষের আবহে আনন্দ, ঐতিহ্য ও উৎসবের রঙ ছড়িয়ে আজ থেকে শুরু হয়েছে আশা ইউনিভার্সিটি বাংলাদেশ বিজনেস ক্লাব আয়োজিত “বৈশাখী কার্নিভাল”। বিশ্ববিদ্যালয়ের সেভেন্থ ফ্লোরে অবস্থিত আশা টাওয়ার প্রাঙ্গণে দুই দিনব্যাপী এই আয়োজন চলবে ১৯ ও ২০ এপ্রিল।
কার্নিভাল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজনে রয়েছে স্টল, লাইভ মিউজিক এবং গেমস—যা শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য এক প্রাণবন্ত মিলনমেলার পরিবেশ তৈরি করবে।
আয়োজকরা জানান, এই কার্নিভাল শুধু বিনোদনের নয়; এটি বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস। রঙিন প্যান্ডেল, ঐতিহ্যবাহী উপকরণ এবং উৎসবের আবহে ক্যাম্পাস যেন এক ক্ষুদ্র গ্রামীণ মেলায় রূপ নিয়েছে।
বিজনেস ক্লাবের উদ্যোগে এবং ব্যবসায় অনুষদের সহযোগিতায় আয়োজিত এই কার্নিভাল ইতোমধ্যেই শিক্ষার্থী ও অতিথিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা আশা করছেন, এই আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করবে। কার্নিভালে ইভেন্ট পার্টনার হিসেবে যুক্ত আছেন প্ল্যান বি।